মানিকগঞ্জে মেলায় ছুরিকাঘাতে কিশোরের মৃত্যু

মানিকগঞ্জে মেলায় ছুরিকাঘাতে কিশোরের মৃত্যু

মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল এলাকায় লক্ষ্মীপূজার মেলায় কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে রাব্বী (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।

গতকাল শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রাব্বী এলাকার মানিক মিয়ার ছেলে ও স্থানীয় কাফাটিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সনাতন ধর্মের লক্ষ্মীপূজার মেলায় আগত দুই পক্ষের কথা কাটাকাটির জেরে এক পক্ষ রাব্বিকে ছুরিকাঘাতে আঘাত করে। এতে রাব্বী গুরুতর আহত হলে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেলা কমিটির সভাপতি কাউছার হোসেন বলেন, ঘটনার সময় আমি মেলায় না থাকার কারণে হত্যাকাণ্ডে মূল ঘটনা জানা নেই। তবে শুনেছি মেলায় আগত দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির জেরে এই ঘটনা ঘটেছে। ঘটনা জানার পর আমি পুলিশকে বিষয়টি জানিয়েছি।

মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। নিহতের পরিবার থেকে মামলা হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/142796