লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৮ সদস্য গ্রেফতার
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে আন্তজেলা মোটরসাইকেল চোরচক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। গতকাল রোববার রাতে জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় গত শনিবার ও রোববার জেলার বিভিন্নস্থানে পৃথক অভিযানে এই চক্রের সক্রিয় সদস্যদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- মো. মকবুল হোসেন, মিলন মিয়া, রাকিব হোসেন, সোহেল, মাসুদ রানা, আল-আমিন, জাহিদ ইসলাম ও রহমতুল্লাহ। তারা লালমনিরহাট জেলার কালীগঞ্জ, হাতীবান্ধা ও রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, অভিযানের শুরুতে প্রথমে কালীগঞ্জ থানার তেতুলতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূল হোতা মো. মকবুল হোসেন ও সহযোগী মিলন মিয়াকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি নম্বরবিহীন লাল-কালো রঙের ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।
পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হাতীবান্ধা থানা এলাকায় ধারাবাহিক অভিযানে আরও ৬ জনকে গ্রেফতার করা হয়। এসময় বিভিন্ন স্থান থেকে আরও পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এ বিষয়ে লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদত হোসেন সুমা (বিপিএম বার) জানান, গ্রেফতারকৃতরা আন্ত:জেলা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/141511