গাইবান্ধায় এক সপ্তাহে ১৫ মরদেহ
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি : পারিবারিক কলহ আর হতাশাসহ বিভিন্ন কারণে পলাশবাড়ী উপজেলাসহ গাইবান্ধা জেলাতে গত এক সপ্তাহে ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্বামীর হাতে স্ত্রী খুন ও প্রেম ব্যর্থতায় নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনাও রয়েছে। সম্প্রতি এসব ঘটনা ঘটেছে গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায়।
খোঁজ নিয়ে জানা যায়, গত শনিবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ১ নম্বর কাটাবাড়ি গ্রামে পারিবারিক কলহের জেরে ফরিদুল ইসলাম নামের ব্যক্তি তার দ্বিতীয় স্ত্রী শিউলি বেগমকে পা ও গলা কেটে খুন করেছে। পলাশবাড়ী উপজেলায় শাহিনা বেগম নিজে ব্লেড দিয়ে গলা কেটে আত্মহত্যা করেন। আর সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে আনোয়ারুল ইসলাম নামের জুলাই যোদ্ধার মৃত্যু হয়। সাদুল্লাপুর উপজেলায় বৃদ্ধা রমিচা বেওয়ার লাশ ভাসছিল পুকুরে।
এদিকে, সুন্দরগঞ্জ উপজেলার ফয়েজ উদ্দিন নামের এক ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিয়েছেন। এছাড়া পারিবারিক অশান্তির কারণে ফাঁস দিয়ে সোলাইমান মিয়াও আত্মহত্যা করেছেন। একই দিনে অবৈধভাবে নেওয়া সংযোগের বৈদ্যুতিক তারে জড়িয়ে আরিফুল ইসলাম নামের যুবকের মৃত্যু হয়। আর সাদুল্লাপুর উপজেলায় বজ্রপাতে সোহাগ মিয়া(২০) নামের এক যুবক নিহত হয়েছেন।
গত ১৪ সেপ্টেম্বর একই উপজেলার তুলশীঘাট নামকস্থানে বাসের ধাক্কায় রিপন মিয়া নামের এক যুবক নিহত হন। গত ১৩ সেপ্টেম্বর নলডাঙ্গা-বামনডাঙ্গা রেলপথে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে।
অপরদিকে গত ১২ সেপ্টেম্বর সাদুল্লাপুরের নলডাঙ্গার একটি পুকুর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত ৯ সেপ্টেম্বর সাদুল্লাপুরে পানিতে ডুবে আদুরি আক্তার নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
গত ৮ সেপ্টেম্বর গোবিন্দগঞ্জ উপজেলার কালিতলা নামক এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইদিনে সুন্দরগঞ্জ উপজেলার বাবার সঙ্গে গোসল করতে গিয়ে নদীতে ডুবে লাবিব খান লাবু নামে এক কিশোরের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এছাড়াও গত কয়েকদিনে রয়েছে আত্মহত্যার ঘটনা। সচেতন ব্যক্তিরা বলছেন, সামাজিক-পারিবারিক মূল্যবোধ ও অসচেতনতার কারণে গাইবান্ধার বিভিন্ন এলাকায় খুন-আত্মহত্যাসহ নানা ধরণের বিয়োগাত্মক ঘটনা ঘটছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/140634