তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় গেলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে : দুলু 

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় গেলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে : দুলু 

নাটোর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী এড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতায় এসে বাংলাদেশের আমূল কাঠামো ধ্বংস করে দিয়েছে। তারা প্রশাসনিক থেকে শুরু করে সকল ক্ষেত্রে ফ্যাসিস্টতন্ত্র কায়েম করেছে। এ ফ্যাসিস্টতন্ত্র থেকে পরিত্রাণের একমাত্র উপায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামীদিনে তার নেতৃত্বে বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, তাহলে আওয়ামী ফ্যাসিস্ট তন্ত্র থেকে মুক্ত করে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। পরে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সুফিয়া হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তৃতায় এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বাংলাদেশের মোট জনগোষ্ঠীর অর্ধেক হচ্ছে মহিলা। আর এই মহিলারা যদি মনে করেন বাংলাদেশের ক্ষমতাকে রদবদল করতে হবে, একমাত্র মহিলারাই পারেন ক্ষমতার রদবদল করতে।

কারণ এই মহিলারা যদি ঐক্যবদ্ধভাবে বলেন আগামীতে বেগম খালেদা জিয়াকে ক্ষমতায় বসাবো, এদেশে ধানের শীষকে ক্ষমতায় নিয়ে যাব। একমাত্র মহিলারাই পারেন বাংলাদেশে জাতীয়তাবাদী দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যেতে। আমরা বিশ্বাস করি দেশের মা-বোনেরা বেগম খালেদা জিয়াকে ও ধানের শীষকে ভালবাসেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহবায়ক মো. রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, আব্দুল আজিজ, দাউদার মাহামুদ, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক মুর্শেদা খানম রুপালি, সাংগঠনিক সম্পাদক মাকসুদা পারভিন মায়া প্রমুখ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/139427